আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিজি কুকারিজ প্রতিষ্ঠানের একটি পণ্যবাহী গাড়ি উদ্ধার হলেও চালক ফারুক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সোমবার মেহেরপুর রোড এলাকায় প্রায় দুই লক্ষ টাকার পণ্য সরবরাহ করা হয়। ডেলিভারি শেষে ফেরার পথে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কোয়াতালা বৈদ্যনাথপুর মাঠের ভেতরে গাড়িটি অবস্থায় পাওয়া যায়। তবে গাড়ির চালক ফারুকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
গাড়িতে ড্রাইভারের সঙ্গে ডিএস আর হিসেবে দায়িত্বে ছিলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের এনামুল হকের ছেলে ইলিয়াস পারভেজ বাচ্চু। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে হাটবোয়ালিয়া মিল বাজারে ফারুককে টাকা বুঝিয়ে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। যাওয়ার আগে মালিককে ফোনে বিষয়টি জানাই।
বিজি কুকারিজের মালিক শাহাজাহান সরকার জানান, আজকে প্রায় দুই লক্ষ টাকার পণ্য ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারির বিপরীতে ১ লাখ ৩৭ হাজার টাকা কালেকশন হয়, যা সম্পূর্ণটাই ড্রাইভার ফারুকের কাছে ছিল।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, ড্রাইভার নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।



