আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ কৃষকের প্রায় ২ বিঘা ১৪ কাঠা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ডাউকি গ্রামের পশ্চিমপাড়ায় জান্নাতুল বাকি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানচাষি মিঠু আলি, রিপন আলি, টিপু সুলতান, মোতালেব হোসেন ও আহম্মদ আলীর সম্মিলিত বরজে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। শুকনো পানের পাতা ও বরজের কাঠামোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ফেলা বিড়ির আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আলমডাঙ্গা স্টেশনের একটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পাঁচটি বরজই সম্পূর্ণ পুড়ে যায়।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। আগুনে প্রায় ৫৪ কাঠা জমির পানের বরজ পুড়ে যাওয়ায় তারা বছরের প্রধান আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
পানচাষি মোতালেব হোসেন বলেন, এক নিমিষেই সব শেষ হয়ে গেল। দীর্ঘদিনের কষ্ট আর ঋণ করে গড়া বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় আছি।
পানচাষি আহম্মদ আলী বলেন, আমরা কয়েকজন মিলে অনেক কষ্টে বরজ তৈরি করেছিলাম। আগুনে সব শেষ। সরকারি সহায়তা ছাড়া আবার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আলমডাঙ্গায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ কৃষকের স্বপ্ন ভস্মীভূত



