দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, বালাইনাশক, রাসায়নিক সার এবং জৈব সার (ভার্মি কম্পোস্ট) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিঙ্ক, ১ কেজি বোরন, ৭ কেজি বালাইনাশক, ১টি সাইনবোর্ড এবং ২০০ কেজি জৈব সার (ভার্মি কম্পোস্ট) প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আমাদের দেশ কৃষিনির্ভর। খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও নিত্যপ্রয়োজনীয় মসলা উৎপাদনে পিছিয়ে আছি। পেঁয়াজসহ বিভিন্ন মসলা আমদানি করতে হয়। তাই পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে। মৌসুম শেষে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেলে সংকট সৃষ্টি হয়। উৎপাদন বাড়াতে সরকার প্রণোদনা দিচ্ছে—এই সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ; উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, জান্নাতুল ফেরদৌস, মুকুল হোসেন, খালিদ সাইফুল্লা, নাসির উদ্দীন, চাদনী খাতুনসহ উপকারভোগী কৃষকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।