স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সাধারণ মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি আলমডাঙ্গা উপজেলার জামজামী, ডাউকি বেলগাছি এবং আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শুভেচ্ছায় তিনি অভিভূত হয়ে পড়েন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হলেও আমি শুধু একটি দলের সংসদ সদস্য নই। আমি চুয়াডাঙ্গা-১ আসনের সকল মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা এগিয়ে নিতে চাই।
বিকেলে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাজারসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন বাংলায় আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না। ছাত্রদের আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আপনাদের পরামর্শ ও সহযোগিতায় অবহেলিত চুয়াডাঙ্গাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও যুব জামায়াতের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর আমীর হাসিবুল ইসলাম, সদর আমীর মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সদর উপজেলা সহ-সেক্রেটারি সজিবুল ইসলাম, সরোজগঞ্জ বাজার জামায়াত সভাপতি মামুন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে তিনি আলমডাঙ্গার গাংনী ও ভাংবাড়ীয়া এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, নির্বাচিত হওয়ার পর টানা দ্বিতীয় দিন মাঠপর্যায়ে উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়ানোয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল দ্বিতীয় দিনেও জনগণের ভালোবাসায় সিক্ত



