স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিজয়ের আনন্দ ভাগ করে নিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের সঙ্গে। গতকাল শনিবার বিকেল ৪টায় শরীফুজ্জামান শরীফের পুরাতন হাসপাতাল পাড়াস্থ বাসভবনে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এ সময় উভয়ে মিষ্টিমুখ, ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে দুই প্রার্থী রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এ সময় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং শরীফুজ্জামান শরীফ সংক্ষিপ্ত মতবিনিময়ের আসর জমিয়ে তোলেন। তাঁরা ভেদাভেদ ভুলে আগামী দিনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজ নিজ দলের নেতাকর্মীরা যেন কোনো সংঘাতে না জড়ায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়ে দুই নেতা মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি হানাহানি ও মারামারি পরিহার করে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সৌন্দর্যমণ্ডিত রাজনীতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনময়কালে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা টিপু সুলতান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, পৌর জামায়াত আমীর এ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারী মোস্তাফা, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মামুন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, দারুস সালামসহ বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নির্বাচিত হয়ে মাসুদ পারভেজ রাসেল ছুটে গেলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুজ্জামানের বাড়িতে



