দামুড়হুদার বিভিন্ন এলাকায় নবনির্বাচিত এমপি রুহুল আমিনের সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা, জুড়ানপুর ও নাটদহসহ বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। গতকাল শনিবার বিকেল ৩টার পর থেকে তিনি বিভিন্ন  গ্রাম, পাড়া ও মহল্লায় ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, দুনিয়ার জীবনে আমরা অহংকার করে চলবো না। মানবকুলের কোনো ক্ষতি করবো না। আমরা পরস্পরের ভুল ত্রুটি না ধরে সবাই ভাই-ভাই হয়ে থাকবো। ভোটে জয়ী হওয়ার পর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াত—এটা আমরা দেখবো না। আমরা চুয়াডাঙ্গাবাসীর সবার এমপি। সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, মানুষের চোখের পানি ঝরিয়ে, কষ্ট দিয়ে শান্তি পাওয়া যায় না। নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ। কোন রাস্তা ভালো, কোন রাস্তা খারাপ কিংবা কোন রাস্তা এখনো হয়নি—এসব আমাদের জানা আছে। আমরা চাই আমাদের সন্তানেরা একটি সুন্দর সমাজ পাক। আমি এমপি হিসেবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই। কোনো শত্রুতা নয়, আমরা মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা ধৈর্য ধরবেন এবং ধৈর্যের সঙ্গে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল খালেক, বিশিষ্ট জামায়াত নেতা ও এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা বাইজিদ হুসাইন, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার জানিয়েছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিজয়ী নব নির্বাচিত এমপি মোঃ রুুহুল আমিন। এ সময় জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারে রুহুল আমিন বলেন, আমরা মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে আলহামদুলিল্লাহ জানাই। আমরা সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই, ইনশাআল্লাহ। কোনো মানুষ আমাদের শত্রু নয়। গোটা চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হচ্ছেন আপনারা। আপনারা সবার সঙ্গে কাজ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।
তিনি আরও বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা সময়মতো ও গুরুত্ব অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা দুনিয়ার কোনো কিছুর জন্য এই পদে আসিনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ধৈর্যের সঙ্গে থাকবেন এবং মানবতার কল্যাণে কাজ করবেন।
তিনি আরো বলেন, কোনো মানুষের কষ্ট, চোখের পানি বা দীর্ঘশ্বাস আমাদের কাম্য নয়। কাউকে ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। আপনারা এ বিষয়গুলো মাথায় রাখবেন। আপনাদের পাশে আপনাদের ভাই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সবাই মিলে আমরা সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, কোমরপুর ৪নং ওয়ার্ডে রুকন আক্তারুল ইসলাম আক্তার ও ইউনিয়ন যুব জামাতের আজিজুল হকসহ অনেকেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।