জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় একসঙ্গে মোট চারজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে ঝিনাইদহের লিটু, নাটোর জেলার বুলবুল ও মতিয়ার থাকলেও মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে অপর ব্যক্তি নিজাম উদ্দিন কিং (পিতা: মৃত খাইরুজ্জামান) কে আটক করা হয়। তিনি স্থায়ীভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের বাসিন্দা মমিনুর রহমানের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দালালি করার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এর সঙ্গে আলাপ আলোচনার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও ভুল তথ্য প্রদান করেন। এতে তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ মামলার রায় প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।