চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহ অব্যাহত হাড়কাঁপানো শীতে জনজীবন দুর্বিষহ, বাড়ছে শীতজনিত রোগ

স্টাফ রিপোর্টার
মৃদ্যু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। সকালে এবং সন্ধ্যায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড়কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ রয়েছে ছিন্নমূল, অসহায় খেটে খাওয়া মানুষ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত দুদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদ্যু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা অনেকগুন বেড়েছে। সেই সাথে জেলায় বেড়েছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শীতজনিত রোগীদের উপচে পড়া ভিড়। যেখানে শিশুদের সংখ্যা তুলনামূলক বেশি।
গত দুইদিনে ঠান্ডাজনিত রোগ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন রোগী। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে, বুধবার জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেদিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়, যা আগামী আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।
পথচারী ফারুক হোসেন বলেন, সকালে শীত খুব বেশি পরিমাণে পড়ছে। বেলা সাড়ে ৯ টার দিকে রোদের দেখা মিললে একটু স্বস্তিতে আছি আমরা। তবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরেই অনুভূত হচ্ছে তীব্র শীত। এই শীতের কারণে আমরা বেশ কষ্টে আছি। নিয়মিত কর্মক্ষেত্রে যেতে আমাদের অসুবিধা হচ্ছে। সদর উপজেলার বাসিন্দা আবু সাঈদ বলেন, ভোর থেকেই ঘন কুয়াশা আর বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীতে সকালে রাস্তাঘাটে কেউ নেই বললেই চলে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে আমাদের। সকালে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর পর একটু ভালো লাগছিল। পরে বেলা বাড়ার সাথে সাথে যখন রোদ উঠলো তখন একটু স্বস্তি পেলাম।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অবস্থা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।