স্টাফ রিপোর্টার
ডিষ্ট্রিলারী এখন দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনি কলের প্রাণ। দেশের বৃহত্তর এ প্রতিষ্ঠান থেকে সরকার প্রতিবছর কয়েকশ কোটি টাকা মুনাফা অর্জন করে। কেরুর এই অঙ্গ প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে বিশ্ব জুড়ে। চিনি শিল্পে লোকসান গুনলেও ডিষ্ট্রিলারীর আয়ের উপর দাড়িয়ে আছে কেরু চিনি মিল। ২০২৫-২৬ অর্থবছরে শুধুমাত্র ডিস্ট্রিলারীর বিভাগ থেকে লাভ করেছে ২২৩ কোটি ৭৯ লাখ টাকা। চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভের পরিমাণ আরো বাড়তে বলে আশা করছেন মিল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৯৩৮ সালে দৈনিক ১ হাজার টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরীর লক্ষ্যে তদানীন্তন ভারতের নদীয়া জেলার চুয়াডাঙ্গা মহাকুমার দর্শনায় কেরু চিনি কল স্থাপন করা হয়। সেই সময় ১৬৬ একর জমির উপর চিনি কল, ডিস্ট্রিলারী, শ্রমিক কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মান করা হয়। একই সাথে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেরু কম্পাউন্ডে ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১টি হাসপাতাল রয়েছে। এছাড়া কেরু কম্পাউন্ডের বাইরে ৯টি কৃষি খামার ও ১টি পরীক্ষামূলক খামারসহ ১০টি খামার রয়েছে। প্রতিষ্ঠানটি ২৪-২৫ অর্থ বছরে আবগারী শুল্ক, ভ্যাট ও ট্রাক্স হিসাবে রাস্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৪১ কোটি ও ২৫-২৬ অর্থ বছরে ১৫৮ কোটি টাকা।
কেরু এন্ড কোম্পানীর ডিষ্ট্রিলারী বিভাগে বর্তমানে ৮ ধরনের ফরেন লিকার বা বিদেশী মদ তৈরী করা হয়। এগুলো হচ্ছে, ফাইন ব্রান্ডি, ইম্পেরিয়াল হুইসকি, জারিনা ভদকা, রোজারাম, ওল্ডরাম, অরেঞ্জ ক্রারাক্যাও, গোল্ড রিবন জিন ও চেরি ব্র্যান্ড। অটোমেটিক মেশিনের সাহায্যে এগুলো ৪টি সাইজে পাøষ্টিক ও কাচের বোতলে ভরে বোতলজাত করে বাজারজাত করা হয়। ১৮০ মিলি লিটার, ৩৭৫ মিলি লিটার, ৭৫০ মিলি লিটার ও ১ লিটার। অপরদিকে ৩ প্রকারের বাংলা মদ বা কান্ট্রি লিকার তৈরী করা হয়। এগুলো হলো থ্রাটি প্রুফ, সেভেনটি প্রুফ ও সিক্সটি প্রুফ। বাংলা মদ ৫০০ মিলি লিটার ও ১ লিটারের বোতলে বাজারজাত করা হয়। এছাড়াও কাট পালিশের জন্য ডিনেচার স্পিরিট ও ঔষধ তৈরী জন্য রেকটিফাইড স্পিরিট তৈরী করা হচ্ছে। কেরুর উৎপাদিত ফরেন লিকার ৪টি স্থানে ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার ও কেরুর মিল গেটের বিক্রয় কেন্দ্রে থেকে বিক্রি করা হয়। আর বাংলা মদ বা কান্ট্রি লিকার দর্শনাসহ ১৩ টি সেল সেন্টারের মাধ্যমে সরবরাহ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে ডিষ্ট্রিলারি বিভাগে বিক্রি হয়েছে ৪৯০কোটি টাকার পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে বিক্রির পরিমাণ ছিল ৪৪৪ কোটি টাকা। ২৫-২৬ অর্থবছরে ফরেন লিকার উৎপাদন হয়েছে ২ লাখ ৮ হাজার ৮৬২ কেস। বিক্রি হয়েছে প্রায় ২ লাখ ৮ হাজার কেস। অন্যদিকে বাংলা মদ উৎপাদন হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৮১০ কেস। বিক্রি হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৫৮ কেস। এর আগে ২৪-২৫ অর্থ বছরে ফরেন লিকার উৎপাদন হয়েছে ২ লাখ ৩ হাজার কেস। অন্যদিকে বাংলা মদ উৎপাদন হয়েছে ২৪ লাখ প্রুফ লিটার। ওই সময় বাংলা মদ বোতলজাত করা শুরু হয়নি।
গত সপ্তাহে কেরু এন্ড কোম্পানীর ডিষ্ট্রিলারী বিভাগ সরেজমিনে পরিদর্শন গিয়ে দেখা যায়, মদ উৎপাদন কারখানায় ৯/১০ জন শ্রমিক নির্ধারিত পোশাক গায়ে লাগিয়ে কাজ করছেন। অটোমেটিক মেশিনের সাহায্যে মদ বোতলজাত করা হচ্ছে। মেশিনের সাহায্যে বোতলের সিপি লাগানো শেষে নির্ধারিত কাটুনে ভর্তি করে গোডাউন নেয়া হচ্ছে। দেশের বিভিন্ন ডিস্ট্রিবিউজ হাউজের চাহিদা অনুযায়ী মদের বোতল সরবরাহ করা হয় বলে জানান শ্রমিকরা।
কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারী ও কারখানা বিভাগের ব্যবস্থাপক রাজিবুল হাসান বলেন, কেরু অ্যান্ড কোম্পানির ডিষ্ট্রিলারি বিভাগ একটি লাভজনক প্রতিষ্ঠান। বিগত ২০২৫-২৬ অর্থ বছরে ডিষ্ট্রিলারি ইউনিট থেকে ১৪১ লাখ ৭৭ হাজার প্রুফ লিটার এলকোহল উৎপাদন করছে। পাশাপাশি ২ লাখ ৮ হাজার কেস ফরেন লিকার উৎপাদন করছে। ফরেন লিকারের মধ্যে আটটি ব্র্যান্ডের ফরেন লিকার আমরা তৈরি করি। এই আটটা ব্র্যান্ডের প্রতিটা ব্র্যান্ডের চারটা করে সাইজ আছে। ১৮০ মিলি যেটাকে আমরা নিপ বলতেছি, ৩৭৫ মিলি এটাকে পাইনট বলি, ৭৫০ মিলি এটাকে কোয়াড বলি আর গ্লাস বোতল আছে আমাদের ১ লিটার, এটা আমরা ওয়ান লিটার গ্লাস বোতল প্রিমিয়াম সাইজ বলতেছি।
তিনি আরো বলেন, কেরু কোম্পানি কান্ট্রি লিকার যেটা দেশব্যাপী ১৩টি সেল সেন্টার থেকে সরবরাহ করে হচ্ছে। এগুলো হলো দিনাজপুরের পারবর্তীপুর, কুমিল্লা, চট্রগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার শ্রীমঙ্গল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, দর্শনার চুয়াডাঙ্গা, পাবনা ও বগুড়ার শান্তাহার। কান্ট্রি লিকারের তিনটা গ্রেড আছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকের জন্য আছে ৩০ প্রুফ, অন্যান্য জনগোষ্ঠীর জন্য আছে ৭০ প্রুফ আর শ্রীমঙ্গল ব্যতীত সারা দেশব্যাপী এটা ৬০ প্রুফে বিক্রি হচ্ছে। আমরা আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে সক্ষম হচ্ছি এবং আমাদের উৎপাদন ক্ষমতা আরো বেশি আছে। বাজারের চাহিদা যদি বৃদ্ধি পায় আমরা আরও বেশি উৎপাদন করতে পারব। সেক্ষেত্রে কেরু অ্যান্ড কোম্পানির প্রফিট আরও বেশি বৃদ্ধি পাবে।
কেরুর উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার জানান, কেরু এন্ড কোম্পানীর ডিষ্ট্রিলারী বিভাগ থেকে ২৪-২৫ অর্থ বছরে লাভ করেচে ১৯০ কোটি টাকা। এর বাইরে সরকারী কোষাগারে ভ্যাট ও ট্র্যাক্স জমা দিয়েছে ১৪১ কোটি টাকা। অপরদিকে ২০২৫-২৬ অর্থ বছরে ২২৪ কোটি মুনাফা করে ডিষ্ট্রিলারী বিভাগ। একই সময়ে সরকারকে রাজস্ব দিয়েছে ১৫৮ কোটি টাকা।
কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে আমরা ডিসটিলরি থেকে প্রায় ২২৪ কোটি টাকা লাভ করতে সক্ষম হয়েছি ট্যাক্স, ভ্যাট, শুল্ক এগুলো বাদে। আমাদের এই কেরুজ কমপ্লেক্সে মোট লাভের পরিমাণ আনুমানিক প্রায় ১৬৬ কোটি টাকা। আমরা চেষ্টা করেছি যে আমাদের এই লাভটা যেন আরো বৃদ্ধি পায় কিংবা আসলে এই লাভটা অনেকটা নির্ভর করে চাহিদার উপরে। চাহিদা যদি ভালো থাকে আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে এই লাভটা আমরা ধরে রাখতে পারব ইনশাল্লাহ।



