স্টাফ রিপোর্টার
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট ও অ্যানালগ সাদাছড়ি বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তিনটি স্মার্ট সাদাছড়ি ও পাঁচটি অ্যানালগ সাদাছড়ি বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রা বের কর হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক উজ-জামান।
আলোচনা সভায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তালহা জুবায়ের বলেন, আমরাও সৃষ্টিকর্তার সৃষ্টি। আমাদের প্রতিবন্ধী হিসেবে না ভেবে সাধারণ মানুষের মতো বিবেচনা করলে আমরা খুশি হই। আমাদের দৃষ্টিহীনতা আমাদের দুর্বলতা নয়।
সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক উজ-জামান বলেন, আমি তালহার সঙ্গে একমত। আমরা তাঁদের সাধারণ একজন মানুষের চোখেই দেখব। তাঁরা তাঁদের দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁদের উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা যেন নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে স্বনির্ভরশীল হতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।



