দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
জানা যায়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলো ঘুরে দেখেন ইউএনও। এসময় তিনি মন্ডপের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্তদের যাতায়াতের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে ইউএনও লাভলী ইয়াসমিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও লাভলী ইয়াসমিন



