জীবননগর অফিস
জীবননগরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টায় জীবননগর পৌরসভার সভাকক্ষে পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) ইফতেখার রহমান। সভায় সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার ওসি (অপারেশন) অনুপ দাস, স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণও জরুরি। নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।


