আলমডাঙ্গায় স্বয়ংবর পাবলিক লাইব্রেরির ‘সহজে বিজ্ঞান শিক্ষা’ বিষয়ক আলোচনা সভা

আলমডাঙ্গা অফিস
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, যুক্তিবোধের বিকাশ এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আলমডাঙ্গায় ‘সহজে বিজ্ঞান শিক্ষা’ বিষয়ক এক ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলমডাঙ্গা জিস টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত স্বয়ংবর পাবলিক লাইব্রেরিতে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে আলমডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম মুস্তানজীদ ও অধ্যাপক ডা. রেজওয়ানুল হক বুলবুল। তাঁরা শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরেন এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও যুক্তিবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক এনামুল হক।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞানমনস্ক চিন্তা, অনুসন্ধিৎসু মনোভাব, যুক্তিবোধ ও বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞান ও মননের বিকাশ ঘটানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে স্বয়ংবর পাবলিক লাইব্রেরির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তুষার মুক্ত স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা রক্ষা, অতিথি ও শিক্ষার্থীদের সহযোগিতা এবং আপ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বিজ্ঞানকে ভয় না পেয়ে সহজভাবে বোঝার এবং জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বই পড়ার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।