মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাগরী খাতুন ভবানীপুর গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সংসারিক কাজ শেষে পরিবারের সদস্যদের কাপড়-চোপড় পরিষ্কার করতে মাথাভাঙ্গা নদীতে যান সাগরী খাতুন। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু



