স্টাফ রিপোর্টার
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল ৫টায় ভি. জে. স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন করে এখনো স্বাভাবিক জীবনযাপন করছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন, সেটা হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সর্বদা সজাগ রয়েছি, প্রস্তুত রয়েছি। চক্রান্ত করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আওয়ামী লীগের এমন কেউ নেই যে আপনাদের রক্ষা করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার কাজে সহযোগিতা করুন, তাতে সবারই মঙ্গল হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলা, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা , ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল-সমাবেশ



