আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে উচ্চমাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের হলরুমে উদ্বোধনী ক্লাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান ড. মহবুব আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একটি ‘ওয়েলকাম সং’ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন স্বপ্নীল, আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ, মাহমুদুল হক তন্ময়, পৌর আহ্বায়ক আতিক হাসান রিংকু ও উপজেলা আহ্বায়ক জাহিদ হাসান শুভ। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। শিক্ষকদের মধ্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় ও প্রেরণামূলক বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মহিতুর রহমান এবং সিনিয়র সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মোনায়েম।
সভাপতির বক্তব্যে আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান বলেন, “শিক্ষাই জীবনের মূল ভিত্তি। আমাদের এই কলেজ তরুণদের স্বপ্ন পূরণের ঠিকানা। উচ্চমাধ্যমিকের সময়টি জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এ সময় সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই শুভকামনা জানাই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ



