নয়মাইল বাজারে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবিতে মানববন্ধন

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নয়মাইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়মাইল বাজার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। প্রতি শনিবার এখানে বড় গরু-ছাগলের হাট বসে। হাটের দিনে বাজার ও সড়কে মানুষের চলাচল কয়েক গুণ বেড়ে যায়। এর মধ্যে বেপরোয়া ও দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে পথচারী, ব্যবসায়ী ও হাটে আসা মানুষের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একটি দুর্ঘটনার পর আরেকটি দুর্ঘটনার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে নয়মাইল বাজারের দুই পাশে প্রয়োজনীয় স্থানে কার্যকর স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি স্পিড ব্রেকারের আগে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, ‘আমাদের দাবি একটাই—নয়মাইল বাজারের সড়কের দুই পাশে নিরাপদ ও কার্যকর স্পিড ব্রেকার দিতে হবে। মানুষের জীবন রক্ষায় দ্রুত এ ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নয়মাইল বাজার পরিদর্শন করে দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাদের প্রত্যাশা, দ্রুত স্পিড ব্রেকার স্থাপন করা হলে বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং পথচারী, ব্যবসায়ী ও হাটে আসা সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।