কোটচাঁদপুরে সন্ত্রাস দমন আইনে বলুহর ইউপির সাবেক চেয়ারম্যান মতিন গ্রেপ্তার

কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান থাকাকালে আব্দুল মতিনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হয়রানি, পুলিশ দিয়ে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর নিজ দলের এক কর্মী অভিযোগ করে বলেন, তিনি আব্দুল মতিনের বিরুদ্ধে ভোট চাওয়ায় পুলিশ তাকে ধরে নিয়ে থানায় নির্যাতন করেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল মতিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে আব্দুল মতিনকে গ্রেপ্তারের সঙ্গে ওই মিছিলের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।