স্টাফ রিপোর্টার
দেশব্যাপী ‘আলোকিত মানুষ গড়ার আন্দোলন’ এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আয়োজিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ ‘ভ্রাম্যমাণ বইমেলা’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা এবং মেটলাইফ ফাউন্ডেশনের পৃষ্ঠোপোষকতায় গতকাল সোমবার বিকাল ৪টা থেকে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে ৫ দিনব্যাপি এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।
আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশি-বিদেশি প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারেরও বেশি বইয়ের সমাহার ঘটেছে। মেলা উপলক্ষে বইপ্রেমী ও পাঠকদের জন্য সব ধরনের বইয়ে ২৫% থেকে ৩৫% পর্যন্ত বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।
মেলায় বিশ্বসাহিত্যের কালজয়ী উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতা, প্রবন্ধ, নাটক ও জীবনীগ্রন্থের পাশাপাশি মিলবে ধর্ম, দর্শন, ইতিহাস, অনুবাদ, বিজ্ঞান ও সাইন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, শিশুতোষ রূপকথা, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না, ব্যায়াম, কম্পিউটার ও ভাষা শিক্ষার বৈচিত্র্যময় সব বই।
মেলার অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি প্রতিযোগিতার প্রতি গ্রুপ থেকে সেরা ৩ জন করে মোট ২৪ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায়। এছাড়া মেলা প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবক ও বইপ্রেমীদের মেলায় উপস্থিত হয়ে বই পড়া ও কেনার এ আনন্দ আয়োজনে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বইমেলার উদ্বোধনকালে আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল, বইমেলার সংগঠক আবুল কাশেম বাবুল, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম প্রমুখ।
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা শুরু



