প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আলমডাঙ্গার পাঁচকমলাপুর মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপির আয়োজনে বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গায় তালগাছ রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছের চারা রোপণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। তালগাছ রোপণের পর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও নানা উপকারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, রাস্তার পাশে, খেলার মাঠ ও খোলা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
তালগাছ আমাদের গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। বজ্রপাতের ঝুঁকি কমানোসহ পরিবেশ রক্ষায় তালগাছের ভূমিকা রয়েছে। তাই পরিকল্পিতভাবে তালগাছসহ দেশীয় ও উপকারী বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব হাফিজ উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মওলানা ইদ্রিস আলী, আব্দুল জলিল, রানা, স্বপন, তুষার, ইন্না হুজুরসহ স্থানীয় নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে পাঁচ কমলাপুর মাদ্রাসার মোহতামিম মওলানা সাহেব দোয়া পরিচালনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।