স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান। সভার শুরুতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির গত আগস্ট মাসের সভার কার্যবিবরণী পাঠ করা হয়।
সভায় জেলার বিভিন্ন এনজিওর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসে তাদের বাস্তবায়নযোগ্য বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় মাদক নির্মূল, আত্মহত্যার প্রবণতা হ্রাস, বাল্যবিবাহ রোধ ও অনলাইন জুয়া রোধে সকলকে সমন্বিত ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানানো হয়।
সভায় আত্মহত্যা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আত্মহত্যা প্রতিরোধে এনজিওসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আগামী মাসে কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় এনজিওগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান বলেন, প্রতিটি এনজিওর প্রত্যেক মাসের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করতে হবে। আপনারা এক মাসে কোথায় উঠান বৈঠক করবেন, কোথায় যাবেন, কি পরিদর্শন করবেন তা মাসের শুরুতেই জানিয়ে দিতে হবে। চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমি খোঁজ করছি, জেলায় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কারা কাজ করছে।
অনলাইন জুয়ার ভয়াবহ দিক উল্লেখ করে তিনি বলেন, অনলাইন জুয়া মাদকের মতই একটি বড় নেশা। বিশেষ করে তরুণেরা এই নেশার দিকে ঝুঁকে পড়েছে। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় জুয়ার টাকার যোগান দিতে তারা নানান রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এই অনলাইন জুয়ার বিরুদ্ধে উঠান বৈঠক, সভা, সেমিনার করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার মানিক ম্যাক্সিমিলিয়ান রুগ্গা, ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, সুবর্ণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিম্মা মিতাসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভায়



