স্টাফ রিপোর্টার
৫৩ তম জাতীয় অন্তঃস্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সাত দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা গত ১লা সেপ্টেম্বর শুরু হয়। গতকাল সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে শুরু হয়।
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”— এই চেতনাকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়া-শোনার পাশা-পাশি ক্রীড়া ও শারীরিক কসরতের ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার আপ এবং একক ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি আরো বলেন শুধু চুয়াডাঙ্গায় নয়, দেশব্যাপী জাতীয় আন্তঃস্কুল খেলা-ধুলাসহ প্রাইমমিস্টার গোল্ডকাপ ও নতুন কুড়ি স্পোর্টস কে সামনে রেখে খেলাধুলায় ব্যাপক ব্যস্ততম সময় পার হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলাধুলার শিক্ষকদের মধ্যে। লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কে নানামুখী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় ব্যস্ত রাখলে কোন সামাজিক অবক্ষয় তাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই আজ যারা চ্যাম্পিয়ন, রানার আপ কিংবা বিজয়ী হয়েছো, তোমরা শুধু বিজয়ী ট্রফি নিয়ে বসে থাকলে চলবে না নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অনুশীলন করতে হবে। এতে করে তোমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিবিটিজ যেমন সমৃদ্ধ হবে, তেমনি তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীও বৃদ্ধি পাবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিকাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক ক্রীড়া মোদী ব্যক্তিত্ব রউফুন নাহার রিনা, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বালক হ্যান্ডবল ও বালক কাবাডি প্রতিযোগিতার আহ্বায়ক মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দাবা প্রতিযোগিতার আহ্বায়ক ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা সহ সদর উপজেলার ৪৪টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের বালক বালিকাগন খেলার বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।
৭ দিনব্যাপী আয়োজনের বিভিন্ন ইভেন্ট গুলোর প্রতিযোগিতা পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, বিলকিচ নাহার, আইরিন ইসলাম, মুক্তাদির রহমান, শাহ আলম, আহসান হাবীব হাসান, হাফিজুর রহমান, শামসুন্নাহার শিলা,দিলরুবা খুকু, সাইফুল ইসলাম, খাজের আলী,শামীমা খাতুন, খাইরুল ইসলাম প্রমুখ।
এবছর আন্ত স্কুল গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় ফুটবল না থাকলেও বালক বালিকা কাবাডি হ্যান্ডবল দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক কাবাডিতে গ্রিসনগর মাধ্যমিক বিদ্যালয়, বালিকা কাবাডিতে রাহেলা খাতুন গার্লস একাডেমি, বালক হ্যান্ডবলে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা হ্যান্ডবলে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
৫৩তম জাতীয় অন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ



