স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ এবং নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪ টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। এ ঘটনায় ১ টি মোটরসাইকেলসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি । আটককৃতরারহলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মন্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) ও আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস ( ২৬)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট হরিহরনগর গ্রামে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ইব্রাহিম খলিল ও অনিক দাস নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৪৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন।
এদিকে গতকাল সোমবার রাত ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১-এমপি এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৯২ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একইদিন ভোর ৫ টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৬-আর এর নিকট মাটিলা গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ২০ বোতল মদ আটক করা হয়।
এর আগে সোমবার ভোর রাত ৪ টার দিকে জীবননগর উপজেলা নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/৩-এস এর নিকট অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১২৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।



