রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে তুচ্ছ ঘটনার জেরে দায়ের (বালিধারার) আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়ির পাশে ছেঁড়া কাপড় ফেলাকে কেন্দ্র করে ফরিদুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল ক্ষিপ্ত হয়ে বালিধারা দিয়ে ফরিদুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রোববার রাতেই তাঁকে রাজশাহীতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



