আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৮০ পিস ইয়াবাসহ বাপ্পারাজ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া সেতুর ওপর থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক বাপ্পারাজ মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে বাপ্পারাজ চেকপোস্ট এলাকায় এলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হলে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাপ্পারাজকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ এক যুবক আটক



