স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা মারধরের মামলায় মামুন আর রশিদ (২৭) নামে এক মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আর রশিদের স্ত্রী মালা খাতুন গত ৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে মামুন আর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মামুন আর রশিদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের ইলিয়াসের ছেলে। তিনি নিজেকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চুয়াডাঙ্গায় স্ত্রীর করা মামলায় মানবাধিকারকর্মী মামুন গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ



