চুয়াডাঙ্গা রেলগেটের অদুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আন্ডারপাসের ভিরত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার পরিচয় নিশ্চত হওয়া যায়নি। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে কাদা-পানি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির ছাদে ঝুঁকি নিয়ে বেশ কয়েকজন যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আন্ডারপাস এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই যুবক ছাদ থেকে ছিটকে রেললাইনের পাশে আন্ডার পাসের নিচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদা জাহান তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় তাঁকে ভর্তি করা হয়। আহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।