আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ৩

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়াল কোর্টে হাজির করা হলে তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামালপুর বটতলা মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় হাউসপুর গ্রামের একরামুল হকের ছেলে সোহানুর রহমান (২০)কে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
অন্যদিকে, গতকাল বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইয়াছিন হোসেন ওরফে হৃদয় (২০) এবং গোপালনগর গ্রামের জারফ আলীর ছেলে আব্দুস সালাম (২০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৭৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক তিনজনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হলে আদালত সোহানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া ইয়াছিন হোসেন ওরফে হৃদয় এবং আব্দুস সালামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।