জীবননগর মনোহরপুরে ড্রেনের অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ছোট ব্রিজের মাটি সরে গিয়ে বাড়ছে ধসের শঙ্কা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের জোয়ার্দার পাড়া ও রোকন উদ্দিনের বাড়ির সামনের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় ড্রেন না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টিতেই মল্লিক পাড়া থেকে জোয়ার্দার পাড়ার শেষ সীমানা পর্যন্ত এলাকা হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, মল্লিক পাড়া থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও জোয়ার্দার পাড়ার শেষ সীমানায় এসে তা থেমে যায়। তাঁদের দাবি, অবশিষ্ট মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলেই পুরো এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। কিন্তু ড্রেন নির্মাণ অসম্পূর্ণ থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ না পেয়ে উপচে পুরো পাড়া প্লাবিত করছে।
স্থানীয় ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, সামান্য বৃষ্টিতেই আমাদের পাড়ায় হাঁটু পানি জমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই কষ্ট দূর হতো।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, জোয়ার্দার পাড়ার মানুষের জলাবদ্ধতাজনিত দুর্ভোগের বিষয়টি তিনি অবগত। দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।
এদিকে জলাবদ্ধতার পাশাপাশি দেখা দিয়েছে নতুন বিপদ। দীর্ঘদিন পানি জমে থাকায় সংলগ্ন ছোট ব্রিজটির চারপাশের মাটি সরে যাচ্ছে। এতে ব্রিজটির গঠন ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ছোট ব্রিজটি রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, অসম্পূর্ণ ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করা হলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে ঝুঁকির মুখে থাকা ব্রিজটিও রক্ষা করা সম্ভব হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।