স্টাফ রিপোর্টার
দর্শনায় খাদ্যপণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণে দর্শনার বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় বৈধ ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, খাবারে ক্ষতিকর অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা এবং মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও আদায় করা হয়।
সেই সাথে অভিযুক্ত বেকারীগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্যানিটারি লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র হালনাগাদ করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ সুনিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।
দর্শনায় বেকারি পণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার করায় ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা



