গ্রীষ্মকালীন খেলাধুলা পরিচালনায় চুয়াডাঙ্গায় শারীরিক শিক্ষা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্টানের শারীরিক শিক্ষার শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আসন্ন গ্রীষ্মকালীন খেলাধুলা পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গার ‘মালিক আব্দুল বারী (এম এ বারী) মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ আয়োজন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিকাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই প্রশিক্ষণটিকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে তিনটি বিশেষ পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে ছিল উপস্থিতি, নিবন্ধন পরিচিতি ও উদ্বোধনী আনুষ্ঠানিকতা। মূল আকর্ষণ ছিল দ্বিতীয় পর্বটি, যেখানে জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা প্রধান ইভেন্টসমূহ ফুটবল, সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা খেলার আধুনিক নিয়ম-কানুন এবং মাঠের বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের হাতে-কলমে (প্র্যাক্টিক্যাল) প্রশিক্ষণ দেওয়া হয়। সর্বশেষ তৃতীয় পর্বে মূল্যায়ন ও সমাপনীর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। পরিচালনা করেন শারীরিক শিক্ষার শিক্ষক মো: রকিবুল ইসলাম (ইসলাম রকিব), হাফিজুর রহমান, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, খাইরুল ইসলাম ও শহিদুল ইসলামসহ অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষকদের এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের খেলা-ধুলায় শিক্ষার্থীদের সঠিক নিয়ম শেখাতে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আসন্ন গ্রীষ্মকালীন খেলাধুলায় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মো: রকিবুল ইসলাম (ইসলাম রকিব)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।