আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির চেতনা ও বিশ্বমানবতার ওপর স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসাসের সভাপতি কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের পরিচালক শায়খ ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা নাসির উদ্দিন এ্যাটম, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আশরাফুল হক লুলু, সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক গোলাম সরোয়ার এবং উপাসনা পত্রিকার সম্পাদক রিফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সহসভাপতি তবিরুর রহমান ও মাহাফুজুর হক তুষার, কোষাধ্যক্ষ আশরাফুল হক পান্না, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাহাবুল হক, সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ হাবিল, ইউনুস আলী মাস্টার, ওস্তাদ রেজাউল করিম, কমলকান্তি চক্রবর্তী, কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার রশীদ সাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যচেতনা, অসাম্প্রদায়িক ভাবধারা, মানবতাবোধ ও বিশ্বমানবতার আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সংগঠকেরা অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।