শিবনগর ডিসি ইকোপার্কে মাঠ নির্মাণ বাতিলের দাবিতে পরিবেশবাদীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ডিসি ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন নাগরিকেরা। পার্কের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে সেখানে ফুটবল খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে পার্কের বাইরে বিকল্প সরকারি বা খালি জায়গায় মাঠ নির্মাণের আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু বলেন, খেলাধুলার জন্য মাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে মাঠ তৈরি কোনোভাবেই টেকসই সিদ্ধান্ত হতে পারে না। পার্কের পরিবেশ অক্ষুন্ন রেখে আশপাশের অন্য কোনো উপযুক্ত জায়গায় মাঠ তৈরি করা সম্ভব। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিসি ইকোপার্ক চুয়াডাঙ্গার গর্ব, একই সঙ্গে এটি বাংলাদেশের সম্পদ। এখানে বিরল প্রজাতির কিছু পাখির সন্ধান পাওয়া গেছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হলে খেলার মাঠ নির্মাণ নয়, বরং ডিসি ইকোপার্কের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিসি ইকোপার্কের এক ইঞ্চি জমিও অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। ইকোপার্ক আছে, ইকোপার্ক থাকবে।
মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, মোফাজ্জল হোসেন, সাহাবুল হোসেন, বায়জিদ শেখ, জাকিয়া ইসলাম ঝুমুর, মশিউর রহমান, নিরব আলী, শাকিল আহমেদ, আবু নোমান, আকরাম হোসেন ও আবরার ফাইয়াজসহ পরিবেশবাদী সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।