চুয়াডাঙ্গায় ২৭ মামলার পলাতক আসামি পিয়াল সাদ্দাম ২০৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ মামলার আসামি হিসেবে পরিচিত পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর নিজস্ব গোডাউনে অভিযান চালিয়ে চাপাতি, কুড়াল, ছুরি, ছোরাসহ ছয় ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের দলটি উপজেলার মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক কুদ্দুসের বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তাঁর নিজস্ব গোডাউনে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউনের একটি টেবিলের নিচ থেকে ১৪ ইঞ্চি লম্বা একটি লোহার চাপাতি, কাঠের বাটযুক্ত একটি দেশীয় লোহার কুড়াল, ১০ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা একটি বড় লোহার ছোরা, স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা একটি বড় ছোরা এবং ৪৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা থানার জিআর-৪৪/২০ নম্বর মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।