আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৪ জন আটক, টাপেন্টাডল-ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪৬ পিস টাপেন্টাডল ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার বড় গাংনি বাজার পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বন্দরমোড় (নান্দবর) গ্রামের মৃত মান্নানের ছেলে সোনা মিয়া (২০), বড় গাংনি পূর্বপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সাঈদ আলী (৩৪) এবং বড় গাংনি দোসর মোড় গ্রামের ইকবাল হোসেন ওরফে স্বপনের ছেলে আল নাইস (১৭)।
পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৬ পিস টাপেন্টাডল ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় আটক তিনজনসহ আরও দুইজন নামীয় পলাতক এবং ৪-৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের আওতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উপজেলার জোড়গাছা গ্রামের আইয়ুব আলীর ছেলে সোনা মিয়া (২০)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সোনা মিয়াসহ আরও পাঁচজন নামীয় পলাতক এবং ৭-৮ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।