আলমডাঙ্গায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-গাঁজাসহ আটক ৪

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,  মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত অভিযানে  ১৫ ও ১৬ আগস্ট আলমডাঙ্গা থানা-পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। প্রথম অভিযানে ১৫ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার বারাদী ইউনিয়নের অভিযানে  নতিডাঙ্গা গ্রামের ইকলাছ আলীর ছেলে তীব্র আলী (২৩) ও আলী হোসেনের ছেলে বকুল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আটটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে রুবেল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী লিজা খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুটি অভিযানে মোট ২৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির ৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে  অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।