আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মসজিদের চার ইমামকে নিজ অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসিবুল হক লিপু। পৌর এলাকার সব মসজিদের ইমামদের নাম অন্তর্ভুক্ত করে লটারির মাধ্যমে চারজনকে ওমরাহ পালনের জন্য নির্বাচিত করা হয়।
গতকাল রবিবার বিকাল পাঁচটার দিকে হাসিবুল হক লিপুর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত চার ইমামের হাতে পবিত্র ওমরাহ পালনের ভিসা, বিমান টিকিট ও পাসপোর্ট তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের ওমরাহ যাত্রার কর্মসূচির উদ্বোধন করা হয়।
ওমরাহ পালনের জন্য নির্বাচিত চার ইমাম হলেন গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম জাকারিয়া হাবীব, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহাদি হাসান, এরশাদপুর-মাগুরাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ওবাইদুল্লাহ এবং নওদাবন্ডবিল জামে মসজিদের ইমাম মুক্তারুজ্জামান আজিজি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লেমারাস হজ এজেন্সির মাধ্যমে আজ সোমবার ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরব এয়ারলাইন্সের বিমানে চার ইমামের সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
অনুষ্ঠানে লিপু সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে তাঁর বন্ধুরা বলেন, মসজিদের ইমামরা সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই হাসিবুল হক লিপু এ উদ্যোগ নিয়েছেন।
পৌর এলাকার সব মসজিদের ইমামদের নাম অন্তর্ভুক্ত করে লটারির মাধ্যমে চারজনকে নির্বাচিত করা হয়েছে, যাতে এ উদ্যোগে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ না থাকে।
অনুষ্ঠানে লিপুর ভাতিজা আবির আনামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লিপু সমর্থক গোষ্ঠীর রাশিদুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, আব্দুস সামাদ, আলমগীর হোসেন, আব্দুল কাদের, হুমায়ুন, সাইফুল ইসলাম, মুসাকারিমুল্লাহ সোহেল, মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লিপুর সমর্থকেরা।
আলমডাঙ্গায় চার ইমামকে নিজ অর্থায়নে ওমরাহ পালনের সুযোগ দিলেন মেয়র প্রার্থী লিপু



