জীবননগরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

জীবননগর অফিস
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।