স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের লিফটে গভীর রাতে আটকা পড়েন স্বামী-স্ত্রী। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার খায়রুল ইসলামের ছেলে মশিউর রহমান (৪৩) ও তাঁর স্ত্রী সরাইয়া নাজনীন রোগী দেখতে সদর হাসপাতালে আসেন। রাত সোয়া ১১টার দিকে তারা দুজন হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিছুক্ষণ পর লিফটটি বিকল হয়ে গেলে তারা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল হাসপাতালে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পর লিফটের দরজা খুলে ছয়তলা থেকে স্বামী-স্ত্রী দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে আসা রোগী ও স্বজনরা জানান, নতুন ভবনের দুটি লিফটই বেশ কিছুদিন ধরে প্রায়ই বিকল হয়ে পড়ে। ছয়-সাতজন উঠলে অনেক সময় লিফটটি ওপরে উঠতে পারে না। অথচ প্রতিটি লিফটে ১৫ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। কখনো লিফট চললেও মাঝপথে আটকা পড়ার ঘটনা ঘটে।
তাদের অভিযোগ, লিফটের এমন সমস্যার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতালের নতুন ভবনের লিফটগুলো দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও রোগীর স্বজনরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গভীর রাতে লিফটে স্বামী-স্ত্রী আটকা ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার



