দর্শনা অফিস
দর্শনায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের ডোপ টেস্ট করা হলে উভয়ের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে থানার এসআই আমানত উল্লাহ গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহ গড়ার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহিমের ছেলে হাবিবুল্লাহ ওরফে হাবিবকে (২২) তাঁর বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে থানার এসআই মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডসংলগ্ন আড্ডা কফি হাউসের সামনে অভিযান চালান। সেখানে মাদক সেবনের অভিযোগে সাইফুল ইসলাম স্বপনকে (৪১) আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়া এলাকার মৃত তোফাজ্জেল মাস্টারের ছেলে। পরে আটক দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে উভয়ের রিপোর্ট পজিটিভ আসে।
এরপর সংক্ষিপ্ত বিচারের জন্য তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত হাবিবুল্লাহ ওরফে হাবিবকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। অপর আসামি সাইফুল ইসলাম স্বপনকে চার মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দর্শনায় মাদক সেবনের অপরাধে দুইজন আটক ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ, সামারি ট্রায়ালে কারাদণ্ড



