স্কয়ার কোম্পানির ‘কাজিম’ কৃষি ওষুধ ব্যবহারের পর কপি নষ্ট ক্ষতির মুখে ছয় মাইল মিলপাড়ার কৃষকরা

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয় মাইল মিলপাড়া এলাকার মাঠে একটি কৃষি ওষুধ ব্যবহারের পর ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এতে কয়েকজন কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কৃষকরা জানান, ছয় মাইল মিলপাড়া এলাকার মাঠে বিভিন্ন কৃষক ফুলকপি ও বাঁধাকপির চাষ করেন। তাদের অভিযোগ, স্কয়ার কোম্পানির ‘কাজিম’ নামের একটি কৃষি ওষুধ ব্যবহারের পর কয়েকটি জমির কপিতে পচন দেখা দেয়। পরে ধীরে ধীরে গাছ ও কপি নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আনারুলের প্রায় ৪ বিঘা, কাতব আলীর ২ বিঘা, আমজাদের দেড় বিঘা, সাইদুরের ২ বিঘা এবং রুহুলের প্রায় ২ বিঘা জমির ফুলকপি ও বাঁধাকপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
কৃষক আরিফ জানান, তিনি ওই ওষুধ ব্যবহার করেননি। ফলে তাঁর জমির ফসল তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওষুধ ব্যবহারের সঙ্গে ফসল নষ্ট হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ওষুধ ব্যবহারের পর ফসলে পচন দেখা দেওয়ার বিষয়টি কৃষি বিভাগের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে ওষুধের গুণগত মান ও ব্যবহারের প্রক্রিয়াও যাচাই করা দরকার।
কৃষকরা সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ঘটনাটি তদন্ত করে ফসল নষ্ট হওয়ার প্রকৃত কারণ নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি করেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।