আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে গোপনে পাচারের সময় সরকারি ২০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ। স্থানীয় কৃষকদের তৎপরতায় পলিথিন দিয়ে ঢেকে অটোভ্যানে পরিবহন করা সার আটক করা হলে পরে তা কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কামালপুর গ্রামের ওপর দিয়ে একটি অটোভ্যানে পলিথিন দিয়ে ঢেকে সার পরিবহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন কৃষক গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় অটোভ্যান থেকে ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, আলমডাঙ্গা থেকে প্রায়ই একই কৌশলে সরকারি সার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। অথচ তারা ডিলারের কাছে প্রয়োজনীয় সার চাইলে পর্যাপ্ত বরাদ্দ পান না। এ কারণে সন্দেহ হওয়ায় শুক্রবারও তারা গাড়িটি আটক করে কৃষি বিভাগকে খবর দেন।
গাড়িচালক কৃষকদের জানান, সারগুলো মোড়ভাঙ্গা গ্রামের খুচরা ব্যবসায়ী হিরকের দোকানে নেওয়া হচ্ছিল। তার দাবি, আলমডাঙ্গার সাদা ব্রিজ এলাকা থেকে মোস্তফা নামের এক ব্যক্তির কাছ থেকে সারগুলো কেনা হয়েছে।
খবর পেয়ে কুমারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে সারগুলো জব্দ করে কৃষি বিভাগের হেফাজতে নেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কৃষক আব্দুল আহাদের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সারগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, আটক সার জব্দ করা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী সারগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সরকারি সার নিয়ে অনিয়ম, কারসাজি বা পাচারের কোনো সুযোগ নেই। কৃষকের প্রাপ্য সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। কৃষকের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সরকারি সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
আলমডাঙ্গায় পাচারের সময় সরকারি ২০ বস্তা সার জব্দ



