আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় একটি অপরিকল্পিত ও অকার্যকর ড্রেন দীর্ঘ তিন দশক ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারনে সারা বছরই ড্রেনের বর্জ্য রাস্তায় উপর উঠে পড়ে। এরফলে রাস্তাটি সবসময় অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশ বিরাজ করছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একসময় বর্ষা মৌসুমে থানাপাড়ার সড়কে বৃষ্টির পানি জমলেও তা ছিল তুলনামূলক পরিষ্কার। স্থানীয় শিশু-কিশোররা সেই পানিতে জলকেলি করত, এমনকি ছোট মাছও ধরত। জলাবদ্ধতা থাকলেও পরিবেশ তখন সহনীয় পর্যায়েই ছিল। পরবর্তীতে ২০১৩ সালের দিকে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পৌরসভা থেকে প্রায় ৩০০ ফুট দীর্ঘ ও এক ফুট প্রস্থের একটি ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু মারাত্মক নকশাগত ত্রুটির কারণে ড্রেনটির গভীরতা কোথাও ৩ ইঞ্চি, কোথাও ৬ ইঞ্চি এবং সর্বোচ্চ প্রায় দুই ফুট রাখা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, ড্রেনটির উভয় প্রান্তে কার্যকর কোনো পানি নিষ্কাশন সংযোগ (আউটলেট) রাখা হয়নি। ফলে ড্রেনটি তৈরির পর পানি নিষ্কাশনের বদলে উল্টো তা জমে থেকে জলাবদ্ধতা আরও বাড়িয়ে তোলে।
পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। স্থানীয় বেশ কিছু বাড়ির মালিক পৌরসভার রাস্তা কেটে পাইপ বসিয়ে তাদের গৃহস্থালির নোংরা পানি ও বর্জ্য এই ড্রেনে ফেলতে শুরু করেন। ফলে সারা বছরই ড্রেনের দুর্গন্ধযুক্ত ও দূষিত পানি উপচে রাস্তায় ছড়িয়ে থাকে। পথচারী ও শিক্ষার্থীদের প্রতিদিন এই নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী কোনো সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ বাধ্য হয়ে নিজেদের বাড়ির সামনের ড্রেনের অংশ ভরাট করে দিয়েছেন। অন্যদিকে, কিছু পরিবার এই অকার্যকর ড্রেনেই গৃহস্থালির বর্জ্য ফেলা অব্যাহত রাখায় পুরো পাড়াবাসীকে এর বিরূপ প্রভাব ভোগ করতে হচ্ছে।
এ বিষয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্রুত একটি আধুনিক, পরিকল্পিত ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে থানাপাড়াবাসীকে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য আলমডাঙ্গা পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি উপচে সারা বছর থাকে রাস্তায় আলমডাঙ্গায় পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থায় থানাপাড়া বাসীর দুর্ভোগ চরমে



