জীবননগর অফিস
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে শরিফুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার খায়েরহুদা গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। শরিফুল ইসলাম উপজেলার খয়েরহুদা গাজীপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে খায়েরহুদা গ্রামের দক্ষিণ মাঠে একটি গাছের নিচে শরিফুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। এলাকাবাসীর ধারণা, শরিফুল ইসলাম গাছের ডাল কাটতে গাছে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে কৃষকের মৃত্যু



