স্টাফ রিপোর্টার
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের সাহিদ গার্ডেনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আমীর আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতী শোয়াইব আহমাদ কাসেমী।
সমাবেশ শেষে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দেশের চলমান রাজনৈতিক ও সংসদীয় পরিস্থিতি নিয়ে কথা বলেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হব।” প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। কিন্তু আপনারা গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করছেন, আমরা তা মেনে নেব না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও বিচার ব্যবস্থার ওপর ন্যূনতম শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে পলাতক খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের কাছে তুলে দেওয়াই ভারতের একমাত্র পথ। এ দেশ ভারতীয় প্রেসক্রিপশনে চলবে না। দেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।
ইতিহাসের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, ১৯৭০ সালে গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করায় পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত গণমানুষের রায়কে নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে দেশের মানুষ শেখ হাসিনাকে ইতিহাসের নির্মম শাস্তি দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে।
খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ। তিনি বলেন , বিএনপি গণভোট নিয়ে টালবাহানা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। সমাবেশে
আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লালসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শেষে সভাপতির বিশেষ মোনাজাতের মাধ্যমে নাগরিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক



