চুয়াডাঙ্গায় একদিনে ৭ মাদক মামলার ৯ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য সংক্রান্ত ৭টি মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল শনিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক লাভলী নাজনীন এ দণ্ডাদেশ প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার ৩টি মাদক মামলায় ৫ জন, আলমডাঙ্গা থানার ২টি মামলায় ২ জন, জীবননগর থানার ১টি মামলায় ১ জন এবং দর্শনা থানার ১টি মামলায় ১ জন আসামিসহ মোট ৭টি মামলার ৯ জন আসামির বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম সম্পন্ন হয়। বিচার শেষে তাদের প্রত্যেককে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, বহনকারী কিংবা সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গ্রেপ্তার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ চুয়াডাঙ্গা গড়তে জেলা পুলিশের এ অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে চলবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।