রাকিবুজ্জামান/ টিপু সুলতান, জীবননগর
মাদকের ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জীবননগর ধোপাখালীতে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে জীবননগর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর আয়োজেন ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ১৬ জন মাদককারবারী স্বেচ্ছায় পুলিশ সুপারের কাছে আত্নসমর্পণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শুধু আইন প্রয়োগই নয়, জনসচেতনতা সৃষ্টি এবং বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। যারা স্বেচ্ছায় মাদক ছেড়ে আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পুলিশ সুপার আরো বলেন মাদক কারবারি, মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের সামারি ট্রায়েলের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যেভাবে এগোচ্ছেন, আর বেশি দূরে নয় সমাজ থেকে, এই জেলা থেকে মাদক নিমূল হবে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই সোচ্চার থাকি।
আর একটি বিষয় আমি বলতে চাই, মাদক সংশ্লিষ্ট যারা এখনো আত্মসমর্পণ করেন নাই, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের জায়গা কিন্তু ওই ভূট্টাখেত, জঙ্গল, কারাগার কিন্বা এই জেলার বাইরে। এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ্, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সর্দার, সাধারণ সম্পাদক আলী হোসেন, জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, মিনাজুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।
সমাবেশে মাদকের কুফল, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার গুরুত্ব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জীবননগর থানার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ১৬ জন মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার তাদেরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
জীবননগর ধোপাখালী গ্রামে মাদকবিরোধী সমাবেশে পুলিশ সুপার রুহুল কবীর খান এই জেলায় বসবাস করবেন, আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব ১৬ জন মাদককারবারীর স্বেচ্ছায় আত্নসমর্পণ



