স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্না করায় চুয়াডাঙ্গায় এক বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন আগে বিরিয়ানী হাউজ হতে বিরিয়ানি কিনে খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন । এ সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ ঘন্টা চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মো: আনিছুজ্জামান এর ঢাকা কাচ্চি বাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজের দোকান তল্লাশি করা হয়। এখানে ক্ষতিকর বা নিষিদ্ধ কোন উপাদান পাওয়া যায়নি। এ সময় ভোক্তা অধিকার ব্যবসায়ীদেরকে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও নিষিদ্ধ কোন উপাদান ব্যবহার না করার নির্দেশ প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। উপস্থিত ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: মন্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।
নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্না করায় চুয়াডাঙ্গা শহরের ঢাকা কাচ্চি বাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা



