চুয়াডাঙ্গার কুতুবপুরে রাতের আঁধারে ২ হাজারের বেশি কলাগাছ কেটে তছরুপ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের খলিসার কুড়ির মাঠ এলাকায় রাতের আঁধারে প্রায় ২ হাজারের বেশি কলাগাছ কেটে তছরুপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কলাচাষি বিপুল মোল্লা। তিনি তিয়োরবিলা গ্রামের মোবারেক মোল্লার ছেলে।
ক্ষতিগ্রস্ত বিপুল মোল্লা জানান, মাত্র তিন দিন আগে তিনি মজিবর ও মুমিনুলের কাছ থেকে পুকুরসহ কলাবাগানটি ১ লাখ ৮৩ হাজার টাকায় লিজ নেন। বাগানের কলা বিক্রি করে লাভের আশা করেছিলেন। কিন্তু শুক্রবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বাগানের ২ হাজারের বেশি কলাগাছ কেটে তছরুপ করে। তিনি বলেন, অনেক আশা নিয়ে বাগানটি লিজ নিয়েছিলাম। কলাগুলো বিক্রি করতে পারলে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রাতের আঁধারে সব শেষ করে দেওয়া হয়েছে। এতে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। গতকাল শনিবার সকালে বাগানে গিয়ে সব কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় বিপুল মোল্লা চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।