আলমডাঙ্গার নওদা দুর্গাপুর সড়কে কাদার স্তূপ, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নওদা দুর্গাপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পিচঢালা সড়ক অবৈধভাবে মাটি বহনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ট্রাকের চাকা থেকে সড়কে মাটি পড়ে হালকা বৃষ্টিতেই প্রায় দুই কিলোমিটারজুড়ে কাদা সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়কটি এখন যেন একটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, কাদার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্প্রতি সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেলচালক রাফি। তিনি বলেন, প্রতিদিনের মতো নওদা দুর্গাপুর থেকে কুমারীর দিকে যাচ্ছিলাম। সড়কে জমে থাকা পিচ্ছিল কাদার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাই। এতে আমি গুরুতর আহত হই। আমার সঙ্গে থাকা অপর আরোহীও গুরুতর আহত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশ থেকে ট্রাকযোগে মাটি বহন করছে। এসব ট্রাকের চাকা থেকে সড়কে নিয়মিত মাটি পড়ে নওদা দুর্গাপুর গ্রামের প্রধান সড়ক থেকে শ্যামপুর গ্রামের সংযোগ সড়ক পর্যন্ত কাদার স্তর তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ছে। ফলে অনেক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু স্থানে পড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সড়কটি পরিষ্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।